গোপালগঞ্জ সদরে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত দুজন আনসার সদস্য ও ভোটারের সঙ্গে আসা এক কিশোরী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহত আনসার সদস্যরা হলেন সুকন্ঠ মজুমদার ও জামাল হোসেন। আর আহত কিশোরীর নাম আমেনা খানম। তার বয়স ১৩।
ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। সকাল ৯টার দিকে দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে বাইরে খালের ওপার থেকে ককটেল ছুড়ে মারে। এতে দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়। বিস্ফোরণের শব্দে কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি।’