ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৮ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি বগুড়া-২ আসনে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকায় নির্বাচন না করার ঘোষণা দেন তিনি।
মাহমুদুর রহমান মান্না লেখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা ১৮ এবং বগুড়া ২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা–১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মতো ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা ১৮ এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও লেখেন, ‘আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’