বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য ৩ কোটি টাকা দাবির অভিযোগের জেরে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি’ ও রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট কিছু মহল গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত দুই বছরে আসিফ মাহমুদের বিরুদ্ধেও নানা অভিযোগ আনা হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে দাবি করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কয়েকদিন আগে একটি জনসভায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বিসিবির সদস্য হওয়ার জন্য তার কাছে আসিফ মাহমুদ ৩ কোটি টাকা দাবি করেছেন। অভিযোগটি প্রকাশের পর আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে প্রমাণ এবং কার মাধ্যমে বা কার কাছে অর্থ দাবি করা হয়েছে—সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়।
তবে বীথিকা বিনতে হোসাইন একাধিকবার তথ্য দেওয়ার আশ্বাস দিলেও কোনো প্রমাণ বা নির্দিষ্ট তথ্য দেননি বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। বরং তিনি ‘আমাকে তো এমনটাই বলা হয়েছে’ বলে মন্তব্য করেন এবং পরে যোগাযোগ বন্ধ করে দেন বলেও উল্লেখ করা হয়।
এ প্রেক্ষাপটে আসিফ মাহমুদের পক্ষ থেকে অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত ও তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা বলে দাবি করা হয়েছে।
আইনি নোটিশে বীথিকা বিনতে হোসাইনকে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন অথবা অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি অভিযোগের পক্ষে প্রমাণ দিতে বা বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, আসিফ মাহমুদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচারকে শুধু ব্যক্তিগত আক্রমণ হিসেবে নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব, চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের অভিযোগ ও অপপ্রচারের জবাব আইনগতভাবেই দেওয়া হবে।