ইন্ডিয়া টুডের প্রতিবেদন
দুই বছর পর প্রথমবারের মতো ভারতে গণমাধ্যমের সামনে প্রকাশ্যে আসতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নয়াদিল্লির সার মার্ক টালি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হবে। একই সঙ্গে ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম প্রকাশ্য উপস্থিতি
২০২৪ সালের ৫ আগস্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন দেশব্যাপী সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। ওই আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে যেতে বাধ্য হন।
ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনা কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা আনুষ্ঠানিক গণমাধ্যমের সাক্ষাৎকারে অংশ নেননি। এবারই তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে যাদের নাম
আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী, শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী।
এ ছাড়া ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ারও প্যানেলে থাকতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস (আইএপিসি)-এর সভাপতি ড. ওয়াইল আউয়াদ।