‘পরাজিত শক্তি’ ফিরে এলে কারও নিরাপত্তা থাকবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নজরুল বর্ষ উপলক্ষে নাটোর জেলা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিবেশ অস্থিতিশীল করতে ‘শিশুদের উসকানি’ দেওয়ার চেষ্টা করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্টের পর আপনারা যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছেন, তার মূল্য আপনাদের দিতে হবে।’
তিনি বলেন, ‘সরকার ও সরকারের নীতির সমালোচনা করা গণতন্ত্রের অংশ। তবে ব্যক্তিগত আক্রমণ ও নোংরা বক্তব্য গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড সমাজে শুধু বিদ্বেষই বাড়ায়। শেখ হাসিনা এ কাজই করেছেন। তিনি এখন পালিয়ে গেছেন।’
পরিকল্পিতভাবে সহিংসতা ও সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা কারও জন্যই সুফল বয়ে আনবে না বলে সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, ‘পরাজিত শক্তি ফিরে এলে কেউ নিরাপদ থাকবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, শেষ পর্যন্ত তারাই নিজেদের কর্মকাণ্ডের শিকার হতে পারে।’
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, নজরুল গবেষক মুনশি আবু সাইফ ও গোলাম মোস্তফাসহ অন্যরা বক্তব্য দেন।