সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলে সরকারের সঙ্গে আওয়ামী লীগের যোগসাজশের বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার মতে, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নেয়, তার ওপরই ফ্যাসিবাদ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার হবে।
সোমবার (২৭ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হওয়া যৌক্তিক। রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের সময় ও এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার থাকাকালেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এরশাদ সরকারের পতনের পর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে গ্রেপ্তারের নজিরও রয়েছে। তাই রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অতীতেও উদাহরণ রয়েছে।’
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘এসব বক্তব্য গ্রহণযোগ্য নয়। বরং এর মধ্য দিয়ে সরকারের সঙ্গে সাবেক রাষ্ট্রপতির একধরনের যোগসাজশের বিষয়টি সামনে আসছে। ওই যোগসাজশের কারণেই ফ্যাসিবাদী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
এর আগে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, গত ১৭ বছরের আন্দোলনে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাই গণ-অভ্যুত্থানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে সক্রিয় ছিল। সাভারের ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতেও বিশ্ববিদ্যালয়টি ভূমিকা রেখেছে।