গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, একই সময়ে ৪৫৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও বরিশাল বিভাগের রোগী রয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৭২ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশালে বিভাগে ৯৯ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ৪৪০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ৯৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে এক হাজার ১১৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন।