ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার আকদ অনুষ্ঠিত হয়।
বিয়ের মূল আনুষ্ঠানিকতা রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের বিভিন্ন ব্যক্তির উপস্থিত থাকার কথা জানা গেছে।
আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
আকদ শেষে ডা. শফিকুর রহমান ও অন্যান্য নেতাকর্মীরা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
জানা গেছে, সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। তিনি ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান।