সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না। এসব কাঁটাতার ভেঙে ভারতীয় জনগণ বাংলাদেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলবে।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ওলামা এলায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শাপলা গণহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি গভীর ক্ষত তৈরি করেছে। সে সময় এই হত্যাকাণ্ড প্রতিহত করা গেলে পরের সহিংস ঘটনাগুলোও ঠেকানো সম্ভব হতো।
তিনি জোর দিয়ে বলেন, কোনো দাবি সমর্থন করা বা না করা ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক আইনে এটি মানবতাবিরোধী অপরাধ।
নাহিদ ইসলাম বলেন, অতীতে মাদ্রাসা শিক্ষার্থী ও ধর্মীয় পরিচয়ের মানুষদের জঙ্গি বা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হিসেবে উপস্থাপন করা হতো, যা আর মেনে নেওয়া হবে না। দেশের বিভিন্ন আন্দোলন ও মুক্তির সংগ্রামে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
সীমান্ত প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র চাই, যেখানে সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও ন্যায়বিচারের ভিত্তিতে। এ সময় বাংলাদেশকে কোনো দেশের করদ রাজ্য হিসেবে দেখতে চায় না তার দল বলেও জানান তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।