জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন সরকারের বিরুদ্ধে সংবিধান সংস্কার প্রশ্নে অনাগ্রহ ও গণভোটের রায় অগ্রাহ্যের অভিযোগ তুলেছেন। শনিবার (২ মে) দুপুর ২টায় বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় কনভেনশন উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সরকার তা বাস্তবায়নে পিছিয়ে রয়েছে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনে অনীহা দেখাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের ধারণাকে কখনো অসাংবিধানিক, কখনো বিভ্রান্তিকর হিসেবে উপস্থাপন করছে। অথচ সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে একটি উচ্চপর্যায়ের স্বাধীন সংস্থা প্রয়োজন বলে তিনি মত দেন।
সংবাদ সম্মেলনে বিএনপিরও সমালোচনা করেন আখতার হোসেন। তিনি দাবি করেন, বিএনপি শুরুতে সংস্কারের বিষয়ে আপত্তি না করলেও পরবর্তীতে অবস্থান পরিবর্তন করেছে এবং জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছে। তার ভাষায়, বিএনপির রাজনীতি এখন সংস্কারের চেয়ে ক্ষমতা কেন্দ্রিক হয়ে উঠেছে।
এ সময় জ্বালানি খাতের সাম্প্রতিক সংকট নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হঠাৎ জ্বালানি সংকট, দীর্ঘ লাইনের সৃষ্টি এবং দাম বাড়ানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়াকে ‘পরিকল্পিত’ হতে পারে বলে মন্তব্য করেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। অল্প অর্থ ফেরত দিয়েই ঋণখেলাপিদের পুনরায় ব্যাংকের মালিকানা পাওয়ার সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে আরও দুর্নীতি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন এনসিপির এই সদস্য সচিব।
সবশেষে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের অংশগ্রহণে একটি জাতীয় সংলাপ জরুরি। এনসিপির উদ্যোগে একটি জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে, যেখানে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্যরা।