গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে শনিবারের (২৫ এপ্রিল) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।
একই সঙ্গে তিনি জুলাই স্পিরিটের আলোকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস, মববাজি ও দখলবাজি বন্ধ এবং সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের দাবিতে চব্বিশের জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং পঙ্গুত্ববরণ করেছেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী তাদের প্রত্যাশা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’-তে প্রায় ৭০ শতাংশ ভোট দিয়েছেন। কিন্তু একই দিনে সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে, যা জুলাইযোদ্ধাদের প্রতি অসম্মান, অবহেলা এবং শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারাদেশের জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের ২৫ এপ্রিলের জাতীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সমাবেশ সফল করতে হবে।
তিনি আরও বলেন, গণপ্রত্যাশার বিপরীতে গিয়ে ফ্যাসিবাদী কায়দায় অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি, বরং করুণ পরিণতি বরণ করতে হয়েছে। বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার আলোকে জুলাই শহীদদের রক্ত এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগকে সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।