রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলা এবং পাবনা ও কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং নারী নেত্রী জুমার ওপর ছাত্রদলের নেতাকর্মীদের বর্বরোচিত হামলা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
হাজার হাজার শিক্ষার্থীর নির্বাচিত জনপ্রিয় প্রতিনিধিদের ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক সমাজে মেনে নেওয়া যায় না।
তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হয়।
পরে তিনি তা অস্বীকার করে নিজের পেজে পোস্ট দেওয়ার পরও হত্যার হুমকি পান। নিরাপত্তার জন্য শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তা গ্রহণ না করে তাকে আটকে রাখা হয়। বিষয়টি সমাধানের জন্য এবি যুবায়ের ও মুসাদ্দিক আলী থানায় গেলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে তাদের মারাত্মকভাবে আহত করে।
পুলিশের ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, যেখানে পুলিশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এতে অতীতের ফ্যাসিবাদী আচরণের প্রতিফলন দেখা যায়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে।
এছাড়া একই রাতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের ওপর হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। এসব ঘটনা থেকে পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে প্রতীয়মান হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা জরুরি। ছাত্রদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে প্রশাসন ও সচেতন ছাত্রসমাজকে সজাগ থাকতে হবে।
তিনি শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সব পক্ষকে রাজনৈতিক উসকানি পরিহার করে সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।