রাজনৈতিক পটপরিবর্তনের পরও বাস্তবতায় বড় কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে শুধু সরকার বদল হয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ধরনে আগের ধারা বহাল রয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন হলেও বাস্তবে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে।’
নাহিদ ইসলাম বলেন, ‘দেশকে আগের কোনো বন্দোবস্তে ফেরত যেতে দেওয়া হবে না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র আগের মতোই পরিচালিত হচ্ছে ও বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হচ্ছে।’
তিনি অভিযোগ করেন, ‘ঐক্যমত্য কমিশনে প্রস্তাবিত সংস্কার ও গণভোটের মাধ্যমে পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা বর্তমান সরকার নষ্ট করে দিচ্ছে।’
সংবাদ সম্মেলনে নাহিদ জানান, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দসহ মোট ৪৭ জন এনসিপিতে যোগ দিয়েছেন। এ সময় তাদের নাম ঘোষণা করা হয়।
দলে যোগদান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘কারো পূর্ব পরিচয় এখানে মুখ্য নয়। যারা আজ থেকে এনসিপিতে যুক্ত হয়েছেন, তারা সবাই দলের কর্মী হিসেবে বিবেচিত হবেন। তবে চাঁদাবাজ, অপরাধী এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এনসিপিতে স্থান দেওয়া হবে না।’