শিক্ষামন্ত্রীর সর্বোচ্চ যোগ্যতা হলে মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ‘নকল ধরা কমিটি’-এর আহ্বায়ক হওয়া বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আব্দুল কাদের বলেন, ‘আমাদের শিক্ষামন্ত্রী তার যোগ্যতা ও চরিত্র অনুযায়ী সর্বোচ্চ গেলে মন্ত্রণালয়ের অধীনস্থ একটা ‘নকল ধরা কমিটি’-এর আহ্বায়ক হতে পারেন। শিক্ষামন্ত্রী হওয়ার মতো যোগ্যতা কিংবা কর্মকাণ্ড তার থেকে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি।’
তিনি আরও বলেন, ‘নকল ধরার বিভিন্ন কৌশল ছাড়া অন্য কোনো আলাপ তার ভেতর থেকে আসে না। শিক্ষার মানোন্নয়ন কিংবা শিক্ষাখাতের বিদ্যমান অচলায়তন অবস্থা নিরসন নিয়ে তার কোনো আলাপ বা কাজ নেই। তিনি পড়ে আছেন নকল আর দলীয় বৃত্তি নিয়েই।’