রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে শুরু হয়েছে বৈশাখী মেলা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া মেলাটি দেশীয় সংস্কৃতি ও বাঙালিয়ানার নানা অনুষঙ্গে সাজানো হয়েছে। এতে ভিড় জমিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
মেলায় বায়োস্কোপসহ ঐতিহ্যবাহী নানা আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করছে। পাশাপাশি মুড়ি, জিলাপিসহ বিভিন্ন ধরনের বাহারি খাবারের স্টল বসেছে, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এ ছাড়া মাটির তৈজসপত্রের দোকানও স্থান পেয়েছে মেলায়।
মেলায় উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে রাজধানীর বাংলামোটর এলাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে এনসিপি। দলটির সংস্কৃতি সেলের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রাটি নেভি গলি থেকে শুরু হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে আবার আগের স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন বছরে ‘বাংলাদেশ ২.০’ বিনির্মাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন বছরকে সামনে রেখে দেশ গঠনে নতুন করে প্রত্যয় নিতে হবে এবং একটি সমৃদ্ধ, আধুনিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শোভাযাত্রায় অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদানে সাজানো এ আয়োজন উৎসবমুখর পরিবেশ তৈরি করে।