তেলের মজুত হঠাৎ কমে যাওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে গণরায় উপেক্ষা করা হলে জনগণ রাজপথে নামতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘সরকারের ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যেই দুই মাসের তেলের মজুত কমে আসা অস্বাভাবিক। আমি গত সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। তেলের দুই মাসের মজুত থাকার কথা। এক মাসের মধ্যে কীভাবে এত দূরবস্থা হয়? অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে। ক্ষমতাসীন দলের লোকজন তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। যাদের মেয়র পদে নির্বাচন করাবে, তাদেরই যদি প্রশাসক হিসেবে বসানো হয়, তাহলে অন্যরা নির্বাচন করে কী করবে?’
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে যখনই কেউ গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে এবং এবারও গণভোটের রায় ও জুলাই সনদকে চ্যালেঞ্জ করে গণরায়কে ভুলুণ্ঠিত করার চেষ্টা চলছে।’
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘তা উপেক্ষা করা হলে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ রাজপথে নামতে দ্বিধা করবে না।’ এ সময় সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিলে স্বাধীনতা রক্ষার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার প্রয়োজন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।