ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের ওয়াকআউটের ঘটনায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল, তাহলে এখন এই বিরোধিতা কেন?
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ ও ৬ আগস্ট একই রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা আলোচনা করেছেন এবং তার সামনেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। এমনকি সেই সময় সংশ্লিষ্টদের মধ্যে কয়েকজন এখন সংসদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তাই এখন রাষ্ট্রপতির বিরোধিতা কেন করা হচ্ছে, সেটা তাদেরই জিজ্ঞেস করা উচিত।’
তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চায় ওয়াকআউট নতুন কিছু নয়, বিরোধী দল চাইলে তা করতেই পারে।
এর আগে বিকেলের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরুর আগে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ জানান।
তবে বিরোধী দলের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে তার লিখিত ভাষণ পাঠ করেন।