ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বলেছে, আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করলে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ডাক দেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেওয়া হয়। পোস্টে বলা হয়, ‘আওয়ামী লীগের দোসর চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করলে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের।’
এদিকে একই দিন সকালে সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর প্রায় ৩০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়।
বিরতির পর নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর ১টায় আবার অধিবেশন শুরু হয়। পরে বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য স্পিকার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।