ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে গণভোটের আগের দিন আগামীকাল বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৬টায় এই ভাষণ রেকর্ড করা হবে। আগামীকাল বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এটি সম্প্রচার করা হবে।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন সিইসি।
আগামী বৃহস্পতিবার এই নির্বাচনের ভোট গ্রহণ হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এদিন জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হবে।
কিছুদিন আগে শেরপুর–৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে ভোট স্থগিত করা হয়েছে।
এবার ইসিতে নিবন্ধিত ৫১টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।