আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রধানদের বক্তব্য বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের জন্য স্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার সুযোগ সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে নিশ্চিত করা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।
নির্দেশনা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (জনসভা, পথসভা ও সমাবেশ অনুষ্ঠান)-এর উপবিধি (গ) অনুসরণ করে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। প্রতি রাজনৈতিক দলের দলীয় প্রধানের জন্য পৃথক স্লট বরাদ্দ ও স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে।
যে সকল রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদনের সময়ের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বিটিভি চূড়ান্ত করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, এ পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিটিভিতে প্রচারণার জন্য আবেদন পাওয়া যায়নি। ফলে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের চাওয়া অনুযায়ী ৯ ফেব্রুয়ারির শেষ স্লটে তারেক রহমানকে ভাষণ প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।