ঋণ-অনুদানে নতুন ব্যবসার সুযোগ,
তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসা গড়ে তোলা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে মুন্সীগঞ্জে সচেতনতামূলক সভা করেছে সিটি ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত সভায় কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের অর্থায়ন, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও ব্যবসা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, নিবন্ধন ও বাজার সংযোগেও সহায়তা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক শেখ আব্দুল কুদ্দুস।
সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তাদের প্রশ্নের উত্তর দেন।
এ সময় কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে সিটি ব্যাংকের বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণসেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে অর্থায়নের আওতায় আনা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।