বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিসেম্বর ঘিরে অস্থিরতার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসারসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ অপরাধ দমনে এ ধরনের সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।
তবে নতুন কোনো যৌথ বাহিনী গঠন কিংবা অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্যের দায়িত্বে অবহেলার বিষয় সরকারের নজরে এসেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, যেসব বিষয় তদন্তে আসছে, সেগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেজগাঁওয়ে আনসার সদর দপ্তর নির্মাণের জন্য প্রায় ৩ দশমিক ৪৫ একর বা ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিকল্পিত জায়গায় সদর দপ্তর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার বাহিনীর সদস্যদের আবাসন সংকট রয়েছে। এ সংকট নিরসনে নতুন সদর দপ্তর এলাকায় ডরমেটরি ও ব্যারাকসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং প্রায় ৬০ হাজার অঙ্গীভূত আনসার রয়েছে। এর বাইরে ভিডিপির বিপুলসংখ্যক প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তায় এ বাহিনীর ভূমিকা আরও সম্প্রসারণ করা হবে।
আনসার ও ভিডিপির সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণেরও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।