সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহারে উৎসাহ দেওয়া ও দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শেখ রবিউল আলম বলেন, প্রতিবছর প্রায় পাঁচ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ২০২৪ সালে পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিনই অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে, এ পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা শুধু একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হাইওয়ে পুলিশ আইন প্রয়োগ করে ও দুর্ঘটনার পর আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই তিনটি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পথচারীদের সচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, মহাসড়কের পাশে বাজার, স্কুল ও কলেজ এলাকায় অনেকেই ওভারপাস ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হন। এ মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
মন্ত্রী জানান, সরকার একটি সমন্বিত নিরাপদ সড়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে, যা ২০২৭ সালের মধ্যে কার্যকর হবে। পাশাপাশি বাস ও ট্রাকের আয়ুষ্কাল নির্ধারণ করে পুরোনো যানবাহন স্ক্র্যাপ ও রিসাইক্লিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিশ্বব্যাংকের প্রতিনিধি, হাইওয়ে পুলিশ, পরিবহন খাতের প্রতিনিধি এবং নিরাপদ সড়ক নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।