পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে এ দায়িত্ব বণ্টন করা হয়। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন রয়েছে।
পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনাবাসী বাংলাদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় ও পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া অন্যান্য দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-সংক্রান্ত বিষয় দেখভাল করবেন।
এ ছাড়া, তার দায়িত্বের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি ও সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও অন্তর্ভুক্ত থাকবে।
পরিপত্রে আরও বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করার লক্ষ্যে দুই প্রতিমন্ত্রীর মধ্যে এসব দায়িত্ব বণ্টন করা হয়েছে।