গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে এতে সই করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
এতে আরও বলা হয়, নির্বাচিত রাষ্ট্রপতির এ ঘোষণা বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে (বিজি প্রেস) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কাজে ব্যবহারের জন্য ওই গেজেট বিজ্ঞপ্তির ৫০০ কপি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট।
অন্যদিকে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) পেয়েছেন ৮৮ ভোট। ফলে ১৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।