দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এর আগে, রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। তাদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।