জনগণকে সতর্ক থাকার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উসকানিমূলক অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুলিশ ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
পুলিশের দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি-বিদেশি দোসররা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশ পুলিশ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে জোরালো আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। পাশাপাশি অপপ্রচারকারীদের অন্যায় তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট একটি মহল মনগড়া তথ্য প্রচারে লিপ্ত রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব অপপ্রচারকারীর বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযুক্ত থাকা, পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরে অন্যায় তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে সচেতন ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও বলেছে, জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ় মনোবল, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। অপপ্রচার যাতে পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন বা পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে পুলিশ।