যাত্রীদের বাড়তি চাহিদা ও টিকিট সংকট কমাতে চলতি মাসের শেষ দিকে ঢাকা-কক্সবাজার রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজারে যাত্রী ও পর্যটকদের যাতায়াত ক্রমেই বাড়ছে। এ কারণে সরকার রেলসেবা সম্প্রসারণের পাশাপাশি যাত্রীসেবার আধুনিকায়নে কাজ করছে। নতুন ট্রেন জোড়া চালু হলে যাত্রীদের দুর্ভোগ ও টিকিটের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং আরও আরামদায়ক, সুবিধাজনক ও সময়ানুবর্তী যাত্রা নিশ্চিত হবে।’
হাবিবুর রশীদ বলেন, ‘কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনকে আন্তর্জাতিক মানের ও পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে স্টেশনটির পূর্ণাঙ্গ পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব দক্ষ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে।’
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি দ্রুত স্টেশনটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু ও যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।