পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং গবেষণা-প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন।
পরিবেশ পদক-২০২৫ পেলেন যারা
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুস সালাম পদক পেয়েছেন।
প্রতিষ্ঠানের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিকে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টাস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পরিবেশ পদক পেয়েছে। এছাড়া, বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।