চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানার ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। এ সময় কয়েকজনকে ভবনের ছাদে আটকা পড়ে থাকতে দেখা যায়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বিবৃতিতে বলেন, এ অগ্নিকাণ্ডে ‘ব্যাপক প্রাণহানি’ ঘটেছে। তিনি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন।
ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়। বিশ্বের মোট স্পোর্টস জুতার প্রায় ২০ শতাংশ এ শহরে উৎপাদিত হয় বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে হুইতেং ফুটওয়্যার কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছান এবং ২০০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত।
সিনহুয়া জানিয়েছে, ঘটনার পর কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
চীনে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বড় অগ্নিকাণ্ডের পর ভবন ও শিল্পকারখানায় অগ্নিনিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।