সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে রোববার (৫ জুলাই) জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
নির্দেশনাটি অতীব গুরুত্বপূর্ণ এবং তা অনতিবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি অনুষ্ঠান এবং রাজনৈতিক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির প্রচলন রয়েছে। বিষয়টি নিয়ে নানা সময়ে আলোচনা ও সমালোচনাও হয়েছে।