নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং নৌযানের আইনগত ও কারিগরি মান যাচাইয়ের লক্ষ্যে ঢাকা সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত নৌপথে চলাচলরত বালিবাহী নৌযানসমূহের বিরুদ্ধে বিশেষ পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীর নেতৃত্বে এ বিশেষ পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে মোট ১১টি বালিবাহী নৌযান সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ নৌযানের বাস্তব পরিমাপ নিবন্ধনপত্রে উল্লেখিত পরিমাপের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়াও বেশ কয়েকটি নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম এবং নেভিগেশনাল ইকুইপমেন্টের ঘাটতি পরিলক্ষিত হয়, যা নৌ-নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
অভিযানে নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি নৌযানকে সর্বমোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধনবিহীন, অননুমোদিত পরিবর্তনকৃত এবং নিরাপত্তা সরঞ্জামবিহীন নৌযানের বিরুদ্ধে অধিদপ্তরের তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি নৌযান মালিক ও পরিচালকদের সব বিধি-বিধান মেনে নৌযান পরিচালনার আহ্বান জানান।
মহাপরিচালক আরও উল্লেখ করেন, যাত্রী ও নৌপথ ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিদর্শন ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
অভিযানকালে নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।