৬ নবজাতকের মৃত্যু
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। মৃত্যুর ঘটনায় জবাব সন্তোষজনক না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
তিনি জানান, 'যেহেতু লাইসেন্স বাতিল হয়েছে, তাই এই মুহূর্ত থেকে ওই হাসপাতালের আর সেবা দেওয়ার সুযোগ নেই। নতুন রোগী ভর্তি করারও কোনো সুযোগ নেই আর। তবে যারা ইতোমধ্যে ওই হাসপাতালে ভর্তি, আইন অনুযায়ী তাদেরও সেখানে সেবা নেওয়ার সুযোগ নেই। কিন্তু মানবিক দিক বিবেচনায় তাদের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন।'
প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ে লাইসেন্সকৃত হাসপাতালে সরিয়ে নেওয়ার দায়িত্ব এখন হাসপাতালের কর্তৃপক্ষের। তবে বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে কেউ যদি আমাদের কাছে সাহায্য চায়, মানবিক দিক বিবেচনায় আমরা সহযোগিতা করবো।