ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতুর উপর ও সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ার এ ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই যানজট ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী্রা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপের মধ্যেই গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়ে পড়ে। লক্কড়-ঝক্কড় প্রকৃতির এই যানবাহনগুলো রেকারের মাধ্যমে সড়ক থেকে সরিয়ে নিতে গিয়ে বারবার যান চলাচল ব্যাহত হয়।
এরই মধ্যে শুক্রবার রাতে যমুনা সেতুর সাত নম্বর পিলারের কাছে একটি বাসের পেছনে অন্য একটি বাস ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতুতে যান চলাচল বন্ধ থাকে। সব মিলিয়ে ঈদের পর বাড়ি ফেরা মানুষের জন্য এটি বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, বর্তমানে সিরাজগঞ্জ মহাসড়ক স্বাভাবিক রয়েছে। প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন বিকল হয়েছিল যমুনা সেতুতে। তাই এই দীর্ঘ যানজট। সেসব যানবাহনের মধ্যে বেশিরভাগই লক্কর-ঝক্কর যানবাহন।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর উপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় কারণে যানজটে সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া জানান, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।