রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন সদস্যের ম্যাজিস্ট্রেট দল রোববার (৩১ মে) বিকেলে সেখানে সাড়ে তিন ঘণ্টা অভিযান চালায়। তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ মিটার (টেম্পারেচার মনিটরিং সিস্টেম) না থাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রোগীদের খাবার পরিবেশন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসপাতালের ক্যান্টিনে তেলাপোকা পাওয়া যায়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণের মিটার না থাকায় এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে পরিদর্শন করার পর কিছু অনিয়ম ধরা পড়ে। দুই আইনে আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা এবং নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই জরিমানার অর্থ পরিশোধ করেছে।
তিনি আরও জানান, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে মিটার পাওয়া যায়নি। শুধুমাত্র চেম্বারগুলোতে মিটার ছিল। এ ছাড়া ফ্রিজে সংরক্ষিত খাবারের কোনো লেবেলও পাওয়া যায়নি। কিছু জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে। একটি জায়গায় বিস্কুট বা খাবার জাতীয় পণ্যের লেবেলিং খারাপ ছিল এবং জায়গাটি নোংরা ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে এই ত্রুটিগুলো দ্রুত সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালককেও বিষয়টি জানানো হয়েছে। এই ত্রুটিগুলো অতি অল্প সময়ের মধ্যে সংশোধন না করলে পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করতে না পারার কারণ হিসেবে জনবল ঘাটতির কথা জানিয়েছে।
এ ছাড়া হাসপাতালের উপরে অপরিচ্ছন্ন বেকারি থাকার যে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তা নিয়ে প্রশ্ন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমরা বেকারিটি বন্ধ পেয়েছি। হাসপাতালের ভবন থেকেই আমরা বেকারির ভেতরে প্রবেশ করেছি। একই ভবনে আমরা এটি দেখতে পেয়েছি।’
এই অভিযানে আরও ছিলেন সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক ও পুলিশ বাহিনীর সদস্যরা।
এর আগে গত ২৭ মে সকালে হাসপাতালটির ডেলিভারি ইউনিটের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়। সেই ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ তুলে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। গত শনিবার বিকেলে আদ্-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় হাসপাতাল ভবনের ছাদে একটি বেকারি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, বেকারিটি হাসপাতালের ভেতরে নয়, বরং পাশে অবস্থিত। এই কারখানা থেকে রোগীর খাবার সরবরাহ করা হয়।
এদিকে নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসা সেবার মান যাচাই এবং অনিয়ম প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনার আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু রোববার এ নোটিশ পাঠান।