আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসাসেবার মান যাচাই এবং অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও দাবি জানানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি ও র্যাব মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবার মান, লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।
আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে নোটিশে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে একজন হাইকোর্ট বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানানো হয়।
এছাড়া বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিশেষ অভিযান পরিচালনা, লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই, আইসিইউ-এনআইসিইউসহ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সক্ষমতা পরীক্ষা এবং অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়েছে, অন্যথায় জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।