বিদ্যুৎকেন্দ্র ও শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। লিটারে দাম বেড়েছে ১৮ টাকা ৮৫ পয়সা।
সোমবার (১৮ মে) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন এই মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে ও পরের আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এর আগে, ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি হয়নি বিধায় মার্চ মাসে পরিশোধিত ফার্নেস অয়েলের প্রকাশিত প্লাটস রেটের (আন্তর্জাতিক বাজারের দাম) গড় ও মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় এপ্রিল মাসের ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করার জন্য সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে নতুন এই দামের অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, দেশে আমদানি করা ফার্নেস অয়েলের একটি বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। এই দাম বৃদ্ধির ফলে বিদ্যুতের দামের ওপর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, ফার্নেস অয়েলের দাম বাড়লে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচও বেড়ে যাবে।