ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দু-ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
সম্মেলনে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সারাদেশের জেলা প্রশাসকগণ। ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের কাছে সরকার পরিচালনার দর্শন তুলে ধরছেন শীর্ষ নীতিনির্ধারকেরা।
বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে, শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, এবার চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে মোট অধিবেশন থাকছে ৩৪টি। এর মধ্যে কার্য অধিবেশন ৩০টি এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা হচ্ছে ৫৬টি।
সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮টি প্রস্তাব উত্থাপিত হবে ও সারাদেশের জেলা প্রশাসকগণ উপস্থিত থাকছেন। ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সম্মেলনে নিজ নিজ মন্ত্রণালয়ের বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।