নাবিক ভর্তি পরীক্ষা
ঢাকা মহানগরীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষা-২০২৬ (গ্রীষ্মকালীন সেশন)। এ সময় অসদুপায় অবলম্বনের অভিযোগে নয়জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়ছে।
শনিবার (২ মে) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রসমূহ ছিল, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।
পরীক্ষা চলাকালে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচজন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন। একই কেন্দ্রে আরও একজন পরীক্ষার্থী প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণের সময় ধরা পড়েন। এ ছাড়া শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরও তিনজন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন।
এসব ঘটনায় গুরুতর অনিয়ম ও শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নৌপরিবহন অধিদপ্তর ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।