জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসা শীর্ষ সন্ত্রাসীদের ওপর কঠোর গোয়েন্দা নজরদারি বসানো হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, অপরাধীদের দমনে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জামিনে থাকা সন্ত্রাসীরা যাতে নতুন করে কোনো অপরাধে জড়াতে না পারে, সেজন্য তাদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। এর পাশাপাশি র্যাবের পক্ষ থেকে প্রতিনিয়ত সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করার কাজও চলমান রয়েছে।
রাজধানীতে সাম্প্রতিক সময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের বিষয়েও কথা বলেন র্যাব মুখপাত্র। তিনি জানান, এই নৃশংস খুনের ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত করতে র্যাবের পক্ষ থেকে বর্তমানে ‘ছায়া তদন্ত’ চালানো হচ্ছে। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সন্ত্রাসীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে র্যাব জানায়, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা যারা করছে, তাদের শক্ত হাতে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।