ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সদ্য গঠিত বিএনপি সরকারের আমলে প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আগামী ৩ মে শুরু হচ্ছে। চারদিনব্যাপী এ সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মোট ৪৯৮টি প্রস্তাব আলোচনা ও উপস্থাপনার জন্য নির্ধারিত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনকে কেন্দ্র করে আটজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিদের কাছ থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্র আরও জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দ্বিমত, পুনরাবৃত্তি এবং পূর্ববর্তী সম্মেলনে উত্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব বাদ দেওয়া হয়েছে।
প্রথম দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১২টায় জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সমাপনী অধিবেশনও একই স্থানে আয়োজন করা হবে।
গত বছর না থাকলেও এবারের সম্মেলনে রাষ্ট্রপতি, স্পিকারসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদধারীদের সঙ্গে ডিসিদের সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে। এ অনুযায়ী জেলা প্রশাসকরা এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানান বিভাগের এক যুগ্ম সচিব।
সরকারের নীতিনির্ধারক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময়, নীতিগত দিকনির্দেশনা প্রদান এবং মাঠ প্রশাসনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য প্রতিবছরই ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবার নতুন সরকারের অধীনে আয়োজিত এই সম্মেলনকে প্রশাসনিক সমন্বয় জোরদার এবং নীতি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।