রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে ডিএমপির নিউমার্কেট থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ৮ থেকে ৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ এরই মধ্যে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। খুব কাছ থেকে করা গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২য় স্থানে ছিল ৫১ বছর বয়সী এই টিটনের নাম। দীর্ঘ কারাভোগের পর গত আগস্টে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। মুক্তি পাওয়ার মাত্র কয়েক মাসের মাথায় ফিল্মি স্টাইলে এই হত্যাকাণ্ড ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।