দেশের চলমান জ্বালানি সমস্যা ও বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে এই কমিটি কাজ করবে। সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে সরকারি দল ও বিরোধী দলের পক্ষ থেকে নিজ নিজ মনোনীত সদস্যদের নাম ঘোষণা করা হয়।
সরকারি দলের মনোনীত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই দলের অন্যান্য সদস্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
অন্যদিকে, বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান মনোনীত পাঁচ সদস্য হলেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনের মোহাম্মদ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) ও সিলেট-৫ আসনের মুফতি মাওলানা আবুল হাসান।
সংসদ অধিবেশনে আলোচনার সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান জ্বালানি প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রাখেন। তিনি বলেন, বর্তমানে ঢাকায় যে লোডশেডিং ম্যানেজমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছে, তার কার্যকর বাস্তবায়ন সংসদ ভবন এলাকা থেকেই শুরু করা উচিত। অর্থাৎ, লোডশেডিংয়ের আওতায় সংসদ ভবন এলাকাকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
জ্বালানি খাতের এই সংকট মোকাবেলায় সরকারি ও বিরোধী দলের এই যৌথ উদ্যোগ জাতীয় পর্যায়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।