প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘জুলাই সনদ যেদিন বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করেছে। আমরা দেখেছি এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার তারা সই করবে কি করবে না—একটা দ্বিধাদ্বন্দ্ব। আর তাদের সঙ্গে আরেকটা দল আছে, তারা তো তখন সই-ই করেনি। তাদের দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তড়িঘড়ি করে সই করল’
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের ওপর আসর করেছে। জুলাই সনদ নিয়ে এত দরদ হলে কেন সনদে আগে স্বাক্ষর করেনি? যারা জনগণের কর্মসূচি বাধাগ্রস্ত করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবে বিএনপি।’
তারেক রহমান বলেন, ‘বিরোধী পক্ষ পরিস্থিতি ঘোলাটে করতে চায়। স্বৈরাচার চলে গেলেও স্বৈরাচারের ভূত রয়ে গেছে। অন্য কোনো দেশ নয়, বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা।’
মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে ‘মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর শিক্ষার্থীদের অনুরোধে ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ বরণ উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।