সারাবিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও বিএনপি সরকার জনগণের দুর্দশার কথা চিন্তা করে ফসলের সময় তেলের দাম বাড়ায়নি বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনের পূর্বে জনগণের কাছে যে কথা দিয়েছিল, ওইসব কথার কোনোরূপ বরখেলাপ করেনি। সেজন্যই সারা পৃথিবীতে তেলের দাম বৃদ্ধি পেলেও বিএনপি জনগণের দুর্দশার কথা চিন্তা করে ফসলের সময় তেলের দাম বাড়ায়নি। তাই কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকারীর প্ররোচনায় বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘জনগণের কাছে দায়বদ্ধতা বিএনপির সবচেয়ে বেশি। কারণ দেশের সর্বাধিকসংখ্যক মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সরকার গঠন ও দেশ পরিচালনা দায়িত্ব দিয়েছেন। এবারে দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন দেশের মানুষের সেবা করার জন্য।
জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি জানে জনগণের কষ্ট কী, জনগনের দুঃখ কী, জনগণের দুর্দশা কীভাবে লাঘব করতে হয়। সেজন্যই ৫৪ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড শুরু হয়েছে, কৃষকের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, খাল খনন শুরু হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে কৃষকরা কৃষি কার্ড পাবেন।’
সমাজকল্যাণ মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত শতাধিক ভিক্ষুক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র জনসাধারণের মাঝে বকনা ছাগল বিতরণ করেন। এসব ছাগল প্রতিপালন করে ভিক্ষুক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র জনসাধারণ স্বাবলম্বী হতে পারবেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।