র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১২তম মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (২৮ মার্চ) সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ শনিবার র্যাব ফোর্সেসের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সাবেক ডিজি অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন তিনি।
অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে একবছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। এ ছাড়া পিবিআই হেডকোয়ার্টাসে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
র্যাব আরও জানায়, তিনি পদোন্নতি সূত্রে রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।