রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ বর্জন করে সংসদ কক্ষ থেকে বেরিয়ে গেলেও সেই ভাষণের ওপর বিরোধীদল ৫০ ঘণ্টা আলোচনার দাবি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র পরিচালিত হয় সংবিধান ও আইনের ভিত্তিতে।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ দিয়েছেন। কিন্তু বিরোধীদলীয় সদস্যরা সেই ভাষণ শুনতে চাননি এবং সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। অথচ পরে তারা ওই ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার জন্য সময় বরাদ্দের প্রস্তাব দেন।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণের ওপর যদি ৫০ ঘণ্টা আলোচনা হয়, তাহলে সংখ্যানুপাতে বিভিন্ন দলের জন্য সময় বরাদ্দ করা হবে।’
জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রসঙ্গে যে ‘আরোপিত আদেশ’-এর কথা বলা হচ্ছে, সেটি নিয়েও আইনি প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ নেই। তাই রাষ্ট্র আবেগ দিয়ে নয়, সংবিধান ও আইন মেনেই পরিচালিত হয়।’
এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে বক্তব্য দেন। তার বক্তব্যের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।