বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন- বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন; রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান; ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন; রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী; কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে বর্ণিত ব্যক্তিদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, নিয়োগ পাওয়া এসব প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ আরও ছয়টি সিটি করপোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ অবশিষ্ট এ পাঁচটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনেও নতুন প্রশাসক পদায়ন করা হলো।