বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা সংসদে নির্বাচিত হয়েছেন, তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের ফলে নির্বাচিত হয়েছেন। ফ্যাসিস্টদের সঙ্গে জড়িত কেউ এখানে বক্তব্য দিতে পারবেন না। আমাদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ না দেওয়ায় আমরা প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করেছি।’
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এদিন দুপুর প্রায় পৌনে ৪টার দিকে এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরু করলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, নাহিদ ইসলামসহ অন্যান্য বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
ওয়াক আউটের কারণ সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আজকের অধিবেশন ছিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আমরা বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করেছি এবং শুরু থেকেই নিয়মতান্ত্রিকভাবে সব কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমরা স্পিকারের কাছে জানিয়েছিলাম, ফ্যাসিবাদের দোসরের সঙ্গে যুক্ত কেউ এই সংসদে বক্তব্য দিতে পারবেন না। কারণ এই সংসদ হাজারো মানুষের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।’