মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা। বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন- হুইপ আলহাজ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।